বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, সরকারে না থাকলে আওয়ামী লীগও থাকবে না। ৭১ সালে যেমন কাউকে কাউকে বাসাবাড়ির সামনে লিখে রাখতে দেখা গেছে যে, এখানে রাজাকার নেই তেমনি রাস্তার মোড়ে বিলবোর্ডে লিখা থাকবে এখানে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের লোক নেই। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়তে হবে এমন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, এখন শত অপরাধের জন্য যদি ক্ষমা প্রার্থী হন এবং প্রায়শ্চিত্ত করেন এবং সরকার থেকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্বাচন ঘোষণা দেন, নির্বাচনকালীন সরকার গঠন করে ঘোষণা দেন দেখবেন দেশের মানুষ অনেকে আপনার (প্রধানমন্ত্রী) প্রতি সহানুভূতিশীল হবে।
ভোট হয়তো আপনাকে না দিতে পারে কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিলে মানুষ সন্তুষ্ট হতে পারে। তাতে দেশে বসবাস করার একটি পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই পথ আপনি অবলম্বন করবেন কিনা সেটা আপনার বিবেচ্য বিষয়। যদি গণতন্ত্র বিশ্বাস করতেন গণতন্ত্রের পাতা খুলতেন বা আমাদের দেশের সামাজিক সংস্কৃতিবহাল রাখতে পারতেন তাহলে আমার বিশ্বাস পথে ফিরত আসবেন। এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা নাই আপনার পরিত্রাণের জন্য।
গয়েশ্বর চন্দ্র বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল দেওয়া হয়েছে। জামিন দেন নাই, চিকিৎসা করার সুযোগ দিচ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন করছেন অনুরূপভাবে তারা যদি আপনার পথ অনুসরণ করে তাহলে আপনার পথ কতটুকু ভয়াবহ তা নিশ্চিয়ই পরিমাপ করা যায়।
পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অন্য দেশে অপরাধ হয় হচ্ছে বলে আমাদের দেশেও অপরাধ হতে পারে সেই লাইসেন্স আপনাকে কে দিয়েছেন? আমেরিকা আমাদের দেশের সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাহলে তো আপনাকেও তাদের কারও কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে হবে?
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।